অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জমির শেয়ার বিক্রি করে নির্দিষ্ট ফ্ল্যাট দেওয়ার অনিয়ন্ত্রিত ও অস্বচ্ছ ব্যবসায়িক মডেল বন্ধের জোর দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এ ধরনের ভূঁইফোড় ব্যবসায় এরই মধ্যে প্রায় ৪০ হাজার নাগরিক প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আগামী দুই থেকে তিন বছরে আইনি জটিলতায় এ খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার তীব্র আশঙ্কা রয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সিআরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল এই তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে রিহ্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি-২ মো. বরকত উল্লাহসহ সংগঠনের ঊর্ধ্বতন পরিচালকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্দিষ্ট নকশা, জমিসংক্রান্ত বৈধ অনুমোদন ও নির্মাণের বাস্তব সক্ষমতা ছাড়াই জমির শেয়ার বিক্রি করে ফ্ল্যাট হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অনুসন্ধানী সূত্রের তথ্য তুলে ধরে রিহ্যাব জানায়, বর্তমানে শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পে অনিয়ম ও প্রতারণার অভিযোগে প্রায় ৯ হাজার ৮২৩টি মামলা বিচারাধীন রয়েছে, যেখানে সাধারণ ক্রেতাদের প্রায় ১২ হাজার কোটি টাকা ইতোমধ্যে আটকে গেছে। এসব অননুমোদিত প্রকল্পের ভবনে নিরাপত্তা ঝুঁকি থাকার পাশাপাশি একই জমি বা ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রির অসংগতি দেখা দিচ্ছে। ফলে ক্রেতারা ভবিষ্যতে ব্যাংক ঋণ, মালিকানা স্বত্ব হস্তান্তর বা সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে চরম আইনি জটিলতায় পড়ছেন।

দেশের জিডিপিতে প্রায় ১৫ থেকে ১৬ শতাংশ অবদান রাখা এবং ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী এ খাতকে রক্ষা করতে সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে রিহ্যাব। দাবিগুলোর মধ্যে রয়েছে—অনিয়ন্ত্রিত শেয়ারভিত্তিক আবাসন ব্যবসা কঠোরভাবে নিষিদ্ধ করা, বিদ্যমান প্রকল্পগুলোতে স্বাধীন কারিগরি ও আইনি নিরীক্ষা (অডিট) চালানো এবং ভুয়া নথি বানিয়ে অর্থ সংগ্রহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এখনই কার্যকর আইনি পদক্ষেপ না নিলে দেশের বিনিয়োগ পরিবেশ এবং সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে রিহ্যাব সভাপতি সতর্ক করেন।

সর্বশেষ নিউজ