শহীদ জিয়া মহিলা কলেজে প্রতিষ্ঠিত হলো রোভার স্কাউটস গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজ প্রতিষ্ঠার ৩৩ বছরের পথচলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো রোভার স্কাউটস গ্রুপ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের স্কাউটিং দীক্ষা প্রদান এবং এই রোভার স্কাউটস গ্রুপের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোঃ মঈনুল হক মঈন, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপ-পরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল এবং এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা নারী শিক্ষায় নতুন সম্ভাবনা সৃষ্টি ও কলেজের আধুনিকায়নে স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার ভূমিকার প্রশংসা করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন। এই উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সুসংহত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সর্বশেষ নিউজ