ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিভিত্তিক বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের খবর।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার পক্ষে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার পূর্বের পাসপোর্ট ও এনআইডি বাতিল করায় তিনি আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়েছেন।
তবে শেখ হাসিনার আবেদনের বিপরীতে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করেছে সরকার। এর আগে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করার কোনো সম্ভাবনা নেই; বরং ভারত ও বাংলাদেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
একই ইস্যুতে গত ৮ নভেম্বর (রবিবার) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভারত সরকার তাঁকে ফেরত দেবে বলে আশা করছে বাংলাদেশ।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী পদক্ষেপের নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

