সংবাদ প্রকাশের আগে একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাসস কার্যালয়ে আয়োজিত মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণকে সঠিক, নির্ভুল ও সময়োপযোগী তথ্য দেওয়া, জনসচেতনতা সৃষ্টি এবং ক্ষমতাসীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের সময় ব্যক্তির গোপনীয়তা ও মানবিক মর্যাদার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। কোনো ভুল তথ্য প্রকাশ হলে দ্রুত তা সংশোধন এবং প্রয়োজন হলে ক্ষমা প্রকাশের মানসিকতা থাকতে হবে। হিংসা, সহিংসতা বা ধর্মান্ধতা উসকে দিতে পারে—এমন বিষয় প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
মোবাইল সাংবাদিকতাকে ‘ওয়ান ম্যান আর্মি’ উল্লেখ করে কাদের গনি বলেন, স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করে একজন সাংবাদিক একই সঙ্গে ছবি, ভিডিও ও অডিও ধারণ, সম্পাদনা এবং কনটেন্ট প্রকাশ করতে পারেন। আধুনিক প্রযুক্তি সাংবাদিকতায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সংবাদে শুধু ঘটনার ওপরের চিত্র নয়, এর ভেতরের মানবিক দিকও তুলে ধরতে হবে। একই সঙ্গে বর্তমান তথ্যযুদ্ধের সময়ে অপতথ্য ও গুজব শনাক্ত করতে সাংবাদিকদের আরও দক্ষ হওয়া প্রয়োজন।
প্রশিক্ষণে বাসসের ৩৭ জন সাংবাদিক অংশ নেন।

