কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
spot_img
spot_img

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার ভোর পৌনে পাঁচটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কয়েদি হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার মধ্যম চেঙ্গা গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে আমিরুল ইসলাম (৩৪)।

কারা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ওই কয়েদি কারগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা করে। এসময় অন্য কয়েদিরা দেখে ফেলে। পরে সবাই মিলে তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, মারা যাওয়া কয়েদি ২০১৫ সালের ২১ আগস্ট কুমিল্লা কারাগার থেকে কাশিমপুর কারগারে আসেন৷ তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে হাতিয়ায় একটি মামলা হয়। ওই মামলায় ২০১৪ সালে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

সুব্রত বালা আরও বলেন, ওই কয়েদি রাত সাড়ে ৩টার দিকে কারাগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন৷

মৃত্যুর পর তার স্বজনদের খবর দেওয়া হয়। কারাবিধি শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এইদিনএইসময়/০৮জুলাই/এলএ)

সর্বশেষ নিউজ