আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধে এএসআই আমিরসহ ৪ জন ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহিদ আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম এবং ইমরান হোসেন।

তাদেরকে রোববার (১৫ জুন) সকাল ১০টার পর সংশ্লিষ্ট কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। মামলাটির তদন্ত এখনো সম্পন্ন হয়নি, তাই প্রসিকিউশন পক্ষ থেকে অতিরিক্ত সময়ের আবেদন করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এছাড়া, গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজছাত্র হৃদয়কে গুলি করে হত্যার ঘটনায়ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিনসহ পাঁচ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

অন্যদিকে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত আরেকটি হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং সাবেক ওসি আবুল হাসানকেও একই ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই দুটি মামলার তদন্তও এখনো চলমান রয়েছে।

সর্বশেষ নিউজ