গুলশানে প্রস্তুত তারেক রহমানের বাসভবন, দেশে ফেরা এখন সময়ের ব্যাপার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এ জন্য গুলশান-২ এলাকায় একটি বিশেষ বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’র পাশেই ১৯৬ নম্বর বাড়িটিতে তারেক রহমান অবস্থান করবেন।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গুলশানের ওই সাদা রঙের বাড়িটি দুইতলা বিশিষ্ট। রয়েছে তিন বেডরুম, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল ও খোলামেলা উঠান। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মচারী জানিয়েছেন, তারা ভবিষ্যৎ বাসিন্দা সম্পর্কে নিশ্চিত নন, তবে বাড়িটিতে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলছে।

দলীয় সূত্রের দাবি, লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠকের পর দেশে ফেরার প্রস্তুতি অনেকটাই চূড়ান্ত হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হলেই তিনি ফিরবেন বলে জানা গেছে।

১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সময় সেনানিবাসে খালেদা জিয়ার নামে বরাদ্দ পাওয়া বাড়িটি ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে খালি করতে বাধ্য হন তিনি। এরপর তিনি কিছুদিন ভাইয়ের বাড়িতে থাকার পর ২০১২ সালের ২১ এপ্রিল গুলশানের ফিরোজায় উঠেন।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৭ মার্চ ওয়ান-ইলেভেন সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। পরে জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এখন শুধু সময়ের অপেক্ষা। তারেক রহমান দেশে ফিরলে রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ নিউজ