শরীয়তপুরের সদর উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শনিবার ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। এ ঘটনায় অভিযুক্ত জামাল মাদবর নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে টার দিকে শিশুটি নানা বাড়ির কাছে একটি দোকানে চকলেট ও বিস্কুট কিনতে যায়। দোকান বন্ধ থাকায় সেখানে থাকা অভিযুক্ত জামাল মাদবর শিশুটিকে আত্মীয় পরিচয় দিয়ে বিস্কুট চকলেট খাওয়ানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। চিৎকার করলে মেয়েটিকে বুঝিয়ে তার নানা বাড়ির কাছে এনে ছেড়ে দিয়ে যায় অভিযুক্ত জামালের মা। বাড়ি ফেরার পর মেয়েটির শরীরে রক্ত দেখতে পায় শিশুটির মা। এরপর ধর্ষণের ঘটনাটি মায়ের কাছে খুলে বলে শিশুটি।
শিশুটির বাবা জানান, মেয়েটি অসুস্থ হয়ে পড়লে রাতেই স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে ভালো চিকিৎসা নেই, তাই উন্নত চিকিৎসার জন্য শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় শিশুটিকে।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘৩০ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে সদর উপজেলার টাউন চিকন্দি বাজার থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

