রাজধানীর মেট্রোরেলে পকেটমারদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এবার পকেটমার চক্রের অভিনব ফাঁদের শিকার হয়েছেন এক যাত্রী। পকেট কাটার পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতে ওই যাত্রীর পা (উরু) কেটে যাওয়ার এক ভয়াবহ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেট্রো স্টেশনে দায়িত্বরত পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।
জানা গেছে, ভুক্তভোগী যাত্রী কারওয়ান বাজার স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন। ট্রেনটি শাহবাগ স্টেশনে থামার ঠিক কয়েক সেকেন্ড আগে এই ঘটনা ঘটে। ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ চক্র ট্রেনের ভেতর কৃত্রিম ভিড় তৈরি করে যাত্রীদের মাঝে ঠেলেঠেলি শুরু করে। এসময় চক্রের একজন একটি ব্যাগ দিয়ে ভুক্তভোগীর পকেটের দিকটা আড়াল করে রাখে এবং অন্য সদস্যরা ধারালো কোনো যন্ত্র দিয়ে পকেট কাটার চেষ্টা করে।
এসময় ধারালো অস্ত্রের আঘাত ভুক্তভোগীর উরুতে লাগলে তিনি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরে পকেট চেপে ধরেন। তিনি টের পেয়ে যাওয়ায় চক্রের সদস্যরা শাহবাগ স্টেশনে ট্রেন থামার সাথে সাথেই দ্রুত নেমে পালিয়ে যায়। পকেটে নগদ টাকা থাকলেও ভুক্তভোগীর দ্রুত পদক্ষেপে তা নিতে ব্যর্থ হয় পকেটমাররা।
সবচেয়ে হতাশাজনক বিষয়টি ঘটে এরপর। ভুক্তভোগী সচিবালয় স্টেশনে নেমে দুপুর আড়াইটার দিকে সেখানকার পুলিশকে বিষয়টি অবহিত করেন। কিন্তু তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিয়ে পুলিশ তাকে জানায়, ‘স্যার লাঞ্চে আছেন, দুই ঘণ্টা পর আসেন।’
ভুক্তভোগী নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দিলে উল্টো পুলিশ তাকে কটাক্ষ করে বলে, ‘স্যার, আপনারাই তো এদের জামিন করান!’
মেট্রোরেলে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের এই সংঘবদ্ধ পকেটমার চক্র থেকে সাবধানে ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগী ওই আইনজীবী।

