পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হলো ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার (৪ মে) ফল প্রকাশের পর দেখা গেছে, এই রাজনৈতিক ঝড়ের কবলে পড়ে ধরাশায়ী হয়েছেন টলিউডের অনেক নামী তারকা, আবার বিজেপির টিকিটে জয়জয়কার হয়েছে একাধিক রূপালি পর্দার ব্যক্তিত্বের।
এবারের নির্বাচনে বড় চমক ছিল করিমপুর আসন। সেখানে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে ১০,১৮৫ ভোটে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষ। অন্যদিকে, বরানগর কেন্দ্রেও পরাজয় বরণ করতে হয়েছে সায়ন্তিকা ব্যানার্জীকে; সেখানে জয়ী হয়েছেন বিজেপির সজল ঘোষ। ব্যারাকপুর কেন্দ্রেও হেভিওয়েট নির্মাতা ও তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ১৫,৮২২ ভোটে পরাজিত করেছেন বিজেপির কৌস্তুভ বাগচী।
বিপরীতে, বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে বড় জয় পেয়েছেন হিরণ চ্যাটার্জী। খড়গপুর সদর থেকে সরিয়ে তাকে শ্যামপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল, যেখানে তিনি নদেবাসী জানাকে ২২,২৬০ ভোটে হারিয়েছেন। শিবপুর কেন্দ্রেও নিজের আধিপত্য বজায় রেখে ১৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। টলিউড তারকাদের এই হার-জিতের রসায়ন এবারের নির্বাচনে এক নতুন মাত্রা যোগ করেছে।

