মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও দেশে প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একইসঙ্গে জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বা ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি মজুত ও নতুন উদ্যোগ
উপদেষ্টা বলেন, “মধ্যপ্রাচ্য সংঘাত বা পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ আছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তবে দেশে প্রয়োজনীয় জ্বালানি তেল মজুত আছে।” জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমানোর পদক্ষেপ হিসেবে তিনি জানান, “জ্বালানির ওপর চাপ কমাতে বিদ্যুৎচালিত বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই বাস সার্ভিস চালু হবে।”
স্থানীয় সরকার নির্বাচন
চলতি বছরের শেষ নাগাদ দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি ও পরিকল্পনা অনুযায়ী বছরের শেষ দিকে ভোটগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মূলত স্থানীয় সরকারকে আরও শক্তিশালী এবং তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং সরকারের পক্ষ থেকে সময়মতো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

