৫ মে ২০২৬, মঙ্গলবার

পাবনা ছাত্রদলে বিদ্রোহ: নবগঠিত কমিটিকে ‘আদু ভাই’ আখ্যা দিয়ে যুগ্ম-আহ্বায়কের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

পাবনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ‘আদু ভাই ও বিতর্কিত কমিটি’ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির ২য় যুগ্ম-আহ্বায়ক মীর সানজীদ প্রান্ত। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এই পদত্যাগের কথা জানান, যা নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

‘এইদিন এইসময়’-এর প্রাপ্ত তথ্যমতে, শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদল পূর্বের কমিটি বিলুপ্ত করে পাবনা জেলার জন্য ১০ সদস্যের নতুন আংশিক কমিটির অনুমোদন দেয়। এই কমিটিতে ২য় যুগ্ম-আহ্বায়ক হিসেবে রাখা হয় মীর সানজীদ প্রান্তকে।

তবে কমিটি ঘোষণার পরপরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রান্ত লেখেন, “আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম।” মুহূর্তেই তার এই স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়।

পদত্যাগের কারণ সম্পর্কে সানজীদ প্রান্তের অনুসারীরা অভিযোগ করেছেন, নবগঠিত কমিটির আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্সের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। বয়সোত্তীর্ণ ও বিবাহিতদের দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদেই মূলত এই পদত্যাগের সিদ্ধান্ত।

জানা গেছে, মীর সানজীদ প্রান্ত এর আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা ছাত্রদলের সভাপতি বা আহ্বায়ক পদে তার নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছিল।

তবে কাঙ্ক্ষিত পদ না পাওয়া এবং কমিটিতে বয়সোত্তীর্ণদের স্থান দেওয়ার কারণেই এই আকস্মিক পদত্যাগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদল বা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ নিউজ