২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ ৫ মে (মঙ্গলবার) এক বিশেষ বিবৃতিতে তিনি এই দাবি জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের ইতিহাসে ৫ মে-র ঘটনা একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। সেদিন ধর্মপ্রাণ তাওহিদী জনতার ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। এটি মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী একটি জঘন্যতম ঘটনা।”
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এখনো সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য হতে পারে না।”
গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। সেই অধিকারকে দমন করতে শক্তি প্রয়োগ এবং প্রাণহানির ঘটনা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।”
পরিশেষে, দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

