দেশে হাম ও এর উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (৫ মে) সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৭৯ জনে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ৫ হাজার ৭২৬ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ২৯ হাজার ৮৩১ জন রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬ হাজার ৩৬৮ জন।
তবে মৃত্যুর পরিসংখ্যান রীতিমতো ভীতিকর। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ২৬৩ জন। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জনে।

