মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন।
মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ রিপোর্ট পেশ করা হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী নিশ্চিত করেছেন।
তিনি জানান,সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ওপর প্রস্তুত করা মোট ৩৮টি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। এসব রিপোর্টে কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিটের আওতায় পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৮(১) অনুচ্ছেদ এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাডিশনাল ফাংশনস) অ্যাক্ট, ১৯৭৪–এর ধারা ৫ অনুযায়ী এসব অডিট রিপোর্ট প্রণয়ন করা হয়েছে।
এর আওতায় ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং সংশ্লিষ্ট অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর পরিচালিত ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপনের আগে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী জনগণের সেবায় সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরম্যান্স অডিট পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সরকারি প্রকল্পগুলোর নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন।
রিপোর্ট পেশের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

