টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) সকালে উপজেলার লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামে ধলেশ্বরী নদীর তীরের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার সকালে কৃষকরা ধানের জমিতে কাজ করতে যান। এ সময় তারা ক্ষেতের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি দ্রুত দেলদুয়ার থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

