জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগ: পরীমনিকে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

জাতীয় সংগীত অবমাননা এবং সাংবাদিককে গালিগালাজ ও হয়রানির অভিযোগে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নোটিশে তাঁকে সব ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে অনুরোধ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে পরীমনিকে। পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্রে কিংবা কোনো অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন অশ্লীল সংলাপ, ভঙ্গি, নৃত্য ও হুমকিপ্রদান থেকে নিজেকে বিরত রাখার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ঘটনাটির পরিপ্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান আইনজীবী। তা না হলে পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় এ লিগ্যাল নোটিশ পাঠানো হলো।

সর্বশেষ নিউজ