কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারকালে ৩ রোহিঙ্গাসহ মোট ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৮ নভেম্বর ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
উদ্ধারকৃতরা হলেন—রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯) ও জান্নাত আরা (১৭)। এছাড়া কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা আব্দুল খালেক (২৯), ফয়সাল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।
বিজিবি সূত্র জানায়, শনিবার (৭ নভেম্বর) বিকেলে টেকনাফ ২ বিজিবির অধীনস্থ সী-বীচ বিওপির দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কিছু লোককে জোরপূর্বক ট্রলারে তুলে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছিল। গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি নৌকায় উঠে পাচারকারী চক্রের ১০-১৫ জন সদস্য গভীর সমুদ্রের দিকে পালিয়ে যায়। পরে সৈকত এলাকা থেকে আটক রাখা ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ভুক্তভোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছেন যে, মানবপাচারকারী চক্রের সদস্যরা তাদের ফুসলিয়ে ও জোরপূর্বক মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সেখানে সমবেত করেছিল। উদ্ধারকৃতদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

