পবিত্র কাবা শরিফের সামনে জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে ছবি প্রকাশ করে নতুন জীবনের শুরুর ইঙ্গিত দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। তবে জীবনসঙ্গী বা স্বামীর পরিচয় এখনো প্রকাশ করেননি তিনি।
রোববার (৮ নভেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কাবা শরিফের সামনে তোলা দুটি ছবি শেয়ার করেন নীহা। ছবি দুটির একটিতে দেখা যায়, কাবার সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরে আছেন, অন্যটিতে দুজনে হাত ধরে আছেন। তবে দুজনেরই মুখ কাবার দিকে থাকায় পেছনের দিক থেকে তোলা ছবিগুলোতে তাদের চেহারা স্পষ্ট দেখা যায়নি।
ছবিগুলোর ক্যাপশনে নীহা লিখেছেন, ‘একটি অধ্যায় আমরা এতদিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া। আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’
পোস্টে সরাসরি বিয়ের কথা উল্লেখ না করলেও তাঁর এই বক্তব্যে বিয়ের ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছেন ভক্ত ও অনুরাগীরা। এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে জড়ানোর কথা জানিয়েছিলেন নীহা। এছাড়া সম্প্রতি নেপাল ভ্রমণের কিছু ছবিও প্রকাশ্যে এসেছিল, যেখানে ওই ব্যক্তিকে দেখা গেলেও তার নাম-পরিচয় নিয়ে এখনো নীরব রয়েছেন এই অভিনেত্রী।

