দেশের মানুষের চক্ষুস্বাস্থ্য রক্ষায় কেবল চিকিৎসাসেবা সম্প্রসারণই যথেষ্ট নয়, বরং এর জন্য বহুমুখী ও সমন্বিত সচেতনতামূলক কার্যক্রম গড়ে তোলার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৮ নভেম্বর ২০২৬) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশের চক্ষু স্বাস্থ্য বিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চক্ষু রোগের ঝুঁকি কমাতে হলে শুধু চোখের স্বাস্থ্য নিয়ে ভাবলে চলবে না; এর সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগসহ সামগ্রিক স্বাস্থ্যঝুঁকিগুলোকে সমন্বিতভাবে বিবেচনায় নিতে হবে। বিভিন্ন রোগ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত হওয়ায় কেবল বিচ্ছিন্ন চিকিৎসা দিয়ে মানুষের পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘শুধু সরকারের পক্ষে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়; এর জন্য সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে। ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতি কিংবা উচ্চ রক্তচাপের ফলে স্ট্রোকের মতো ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যৌথভাবে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

