কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা তাঁর বিরুদ্ধে ছড়ানো নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিওর বিষয়ে অবশেষে মুখ খুলেছেন। এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির অপপ্রয়োগ হিসেবে অভিহিত করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর ২০২৬) প্রকাশিত যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে মুফতি আমির হামজার নারীসংক্রান্ত কিছু অডিও ও ভিডিও নিজের কাছে থাকার দাবি করেন এবং সেগুলোর সত্যতা যাচাই করা হয়েছে বলে উল্লেখ করেন। এর আগে গত ৬ নভেম্বর এ সংক্রান্ত একটি পোস্টও দেন রাশেদ খাঁন।
এদিকে বগুড়ার একটি ওয়াজ মাহফিলে রাশেদ খাঁনের এমন দাবির জবাব দিয়ে মুফতি আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লেগেছে। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে অতীতেও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। বর্তমান সময়ে হক কথা বলতে চাওয়া আলেমদের থামিয়ে দিতে ভারত ও একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্র চালাচ্ছে।’
প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারীর কঠোর সমালোচনা করে আমির হামজা আরও বলেন, ‘যারা মানুষের পেছনে লেগে থাকে, আল্লাহ যেন তাদের মুখ বন্ধ করে দেন। যারা চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ ও সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, কোরআন সামনে নিয়ে আমি তাদের বিরুদ্ধে বদদোয়া করে গেলাম।’

