যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের ইঙ্গিতে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা কমে যাওয়ার ইঙ্গিত এবং যুদ্ধ বন্ধে আলোচনার সম্ভাবনার কথা জানানোর পর এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে তেলের দামে এই পতন দেখা যায়।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম অর্ধশতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৬৭ ডলারে নেমেছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহমূল্য কমে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৯০ দশমিক ৫১ ডলারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে গেলে দেশটিতে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। ট্রাম্পের এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে, যার তাৎক্ষণিক প্রভাব পড়েছে জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে।

তবে ট্রাম্পের এই আশাবাদের মধ্যেও হরমুজ প্রণালির ভেতরে বা এর কাছাকাছি এলাকায় জলযান ও ট্যালকারে হামলার খবর পাওয়া গেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন রুট ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

সর্বশেষ নিউজ