পাবনার চাটমোহরে সরকারি বরাদ্দকৃত সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের অসন্তোষ ও বিশৃঙ্খলার জেরে ডিলার পয়েন্ট থেকে প্রায় ৬০০ বস্তা সার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নে প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে এই লুটপাটের ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী চাটমোহর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ১ হাজার ১৮১ বস্তা সার (ইউরিয়া, এমওপি ও ডিএপি) বিতরণের কাজ চলছিল। ১৭১টি মেমো কাটার পর হঠাৎ সেখানে উপস্থিত কৃষকরা অসন্তোষ প্রকাশ করে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে আনুমানিক ৬০০ বস্তা সার নিয়ে যান।
খবর পেয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাটমোহর থানার ওসি ওলিউর রহমান জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার তদন্তসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে জানান, বিতরণের সময় দীর্ঘ লাইন ধরে থাকা বিক্ষুব্ধ কৃষকদের একাংশ এই ঘটনা ঘটিয়েছে। প্রশাসন থেকে মাইকিং করে ছিনিয়ে নেওয়া সার দ্রুত ফেরত দিতে বলা হচ্ছে, অন্যথায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

