বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই যুবকের, হাসপাতালে তুলকালাম

বরিশাল প্রতিনিধি
spot_img
spot_img

বরিশালে এক নারী সন্তান জন্ম দেওয়ার পর সেই নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই যুবক। হাসপাতালে গিয়ে দুজনই শিশুটির বাবা ও ওই নারীর স্বামী হিসেবে দাবি করায় শুরু হয় তুলকালাম কাণ্ড।

রোববার (৮ নভেম্বর ২০২৬) সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক অন্তঃসত্ত্বা নারী সন্তান জন্ম দেওয়ার সময় শুভাস নামের এক যুবক তাঁর পাশে ছিলেন এবং নিজেকে স্বামী হিসেবে পরিচয় দেন। তবে সন্তান জন্মের পরপরই এমদাদুল নামের আরেক যুবক হাসপাতালে উপস্থিত হয়ে দাবি করেন, শান্তার সঙ্গে তাঁর বিয়ে হয়েছে এবং এই নবজাতকের প্রকৃত বাবা তিনি।

এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন এবং তারা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। প্রসূতি অবস্থায় সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে শান্তা বাপের বাড়ি আসেন। প্রমাণ হিসেবে উপস্থিত লোকদের কাছে কাবিননামাসহ নানা নথি প্রদর্শন করেন এমদাদুল।

তবে এমদাদুলের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন শান্তা। তাঁর ভাষ্য, এমদাদুলের সঙ্গে তাঁর কোনো বিয়ে হয়নি এবং শিশুটির বাবাও তিনি নন।

এদিকে, এমদাদুল হাসপাতালে আসার পরপরই শুভাশ সেখান থেকে সরে পড়েন। ফলে শুভাসের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয়দের তথ্যমতে, এমদাদুলের সঙ্গে সম্পর্কের পাশাপাশি ২০২৪ সালে আগের বিয়ের তথ্য গোপন করে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে শান্তার পুনরায় বিয়ে হয়।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, ঘটনাটিকে কেন্দ্র করে হাসপাতালে চরম উত্তেজনা ও জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাঁকে হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যান। পিতৃত্ব দাবি করা দুই যুবকও হাসপাতাল এলাকা ত্যাগ করেন।

সর্বশেষ নিউজ