রাশিয়ার দীর্ঘদিনের মিত্র আর্মেনিয়া এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণ সদস্যপদের দিকে এগোচ্ছে।
২০২৮ সালের মধ্যে আনুষ্ঠানিকভাবে ইইউর সদস্যপদের জন্য আবেদন করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তাঁর এই ঘোষণার মধ্য দিয়ে মস্কোর প্রভাববলয় থেকে ইয়েরেভানের পশ্চিমামুখী হওয়ার ইঙ্গিত আরও স্পষ্ট হয়ে উঠল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পাশিনিয়ান জানান, আর্মেনিয়ার জনগণের ভবিষ্যৎ পথ বেছে নেওয়ার অংশ হিসেবে ২০২৭ বা ২০২৮ সালে ইইউ সদস্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। ২০২০ ও ২০২৩ সালে আজারবাইজানের নাগোরনো-কারাবাখ অঞ্চল পুনর্দখলের ঘটনায় রুশ সুরক্ষার অভাবকে দায়ী করে মস্কোর ওপর ক্ষুব্ধ ইয়েরেভান। তবে এখনই রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়ন (ইএইইউ) ছাড়ার পরিকল্পনা না থাকলেও, সামরিক জোট ‘সিএসটিও’ থেকে ইতিমধ্যে তারা অংশ নেওয়া স্থগিত করেছে এবং সেটির প্রতি আগ্রহ হারিয়েছে বলে নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, ইইউ ও ইএইইউ-এর সদস্যপদ একসঙ্গে থাকা সম্ভব নয় বলে পাল্টা সতর্কবার্তা এবং কৃষিপণ্য ও জ্বালানি নিয়ে ইয়েরেভানের ওপর চাপ সৃষ্টির কৌশল প্রয়োগ করছে ক্রেমলিন।

