আওয়ামী লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশের ছাত্র-জনতা পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রার নতুন সূচনা করেছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে অধিবেশনে সভাপতিত্বকালে স্পিকার এই মন্তব্য করেন। বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হয়।

স্পিকার তাঁর বক্তব্যে বলেন, জাতীয় সংসদ হলো জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। এ দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস ও অভূতপূর্ব ত্যাগের পরিচয় দিয়েছে। বিগত সরকারের সমালোচনা করে তিনি উল্লেখ করেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ভোটাধিকার হরণের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে শাসন প্রতিষ্ঠা করেছিল, তা থেকে দেশকে মুক্ত করেছে ২৪-এর ঐতিহাসিক আন্দোলন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও দেশপ্রেমকে জাতীয় পরিচয়ের ভিত্তি উল্লেখ করে তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে রূপ দিয়েছে।

সংসদের কার্যকারিতা ও দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখাই এই সংসদের মূল দায়িত্ব। বক্তব্যের শেষে তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রজ্ঞা ও শক্তি প্রার্থনা করেন।

সর্বশেষ নিউজ