জলাবদ্ধতায় ধীরগতি সড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ভারি বৃষ্টিতে রাজধানীর মতিঝিলমুখী প্রায় সব সড়কেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে যানবাহনের গতি কমে যাওয়ায় সকাল থেকে মতিঝিল, পল্টন, আরামবাগ, ফকিরাপুল, কাকরাইল, শান্তিনগর, রাজারবাগ ও গুলিস্তানসহ আশপাশের সড়কে যানজট ছড়িয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।

রোববার সকাল থেকে মতিঝিলের দিকে আসা বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। আরামবাগ মোড় থেকে ফকিরাপুল, কাকরাইল থেকে পল্টন এবং রাজারবাগ ও শান্তিনগর এলাকায় গাড়ি ধীরগতিতে চলছে। কোথাও কোথাও দীর্ঘ সময় একই স্থানে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের।

সড়কে পানি জমে থাকায় বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা ও রিকশাসহ সব ধরনের যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। একটি সড়কের যানজট দ্রুত অন্য সড়কেও ছড়িয়ে পড়ছে।

রাজারবাগে যানজটে আটকে থাকা জামান হোসেন বলেন, বৃষ্টির পর থেকেই যানজট শুরু হয়েছে। জলাবদ্ধতার কারণে গাড়ি সামনে এগোতে পারছে না।

কাকরাইল মোড়ে দায়িত্ব পালন করা সার্জেন্ট মোহাম্মদ রাসেল বলেন, জলাবদ্ধতার কারণে সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। পানি কমে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে।

সর্বশেষ নিউজ