জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় যুগ্ম আহ্বায়কসহ আট নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই ঘটনায় আরেক যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য ইমরান হোসেন ইমন, মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজন, ইয়াসিন সাইফ ও ছাত্রনেতা কাব্য সাহা। তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে নাহিয়ান বিন অনিককে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে সকালে জবি ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন।

