রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যানজট ও বিশৃঙ্খলা কমাতে অলস বাসগুলো পূর্বাচলের ৩০০ ফিট এলাকার ডিপোতে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বাসের নিরাপত্তায় মালিক-শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনালে ডিএমপির ট্রাফিক বিভাগ ও পরিবহন সংশ্লিষ্ট নেতাদের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক জুবায়ের বলেন, সবাই সজাগ থাকলে বাসে অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধ করা সম্ভব। প্রতিটি বাসে ছোট আকারের ফায়ার এক্সটিংগুইশার রাখারও পরামর্শ দেন তিনি।
পুলিশ জানিয়েছে, নির্জন স্থানে রাখা বাসগুলো বেশি ঝুঁকিতে থাকে। তাই অলস সময়ে বাস টার্মিনালের ভেতরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রায় ১৫০ বাস রাখার অবকাঠামো তৈরি করা হয়েছে। সেখান থেকে নির্দিষ্ট সময়ে বাস মহাখালীতে এসে যাত্রী নিয়ে গন্তব্যে যাবে।

