‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আবু কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
ইউএনও বলেন, কন্যাশিশুকে বোঝা মনে না করে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা ও সুযোগ পেলে মেয়েরাও সমানভাবে এগিয়ে যেতে পারে। তিনি কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

