২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে ‘জুলাই সনদ’ই মুখ্য বিবেচ্য হওয়া উচিত—সুপ্রিম কোর্টের আজকের রায় নয়। এমন মত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দেওয়া এক প্রতিক্রিয়ায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক এসএম আজমল হোসেন বাচ্চু বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া পূর্বের রায় রহিত করায় তাঁরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে আগামী নির্বাচনের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ হবে—সে বিষয়ে জুলাই সনদই হবে মূল ভিত্তি।
এ সময় উপস্থিত ছিলেন এনএলএ–এর কেন্দ্রীয় সদস্য সচিব এরশাদুল বারী খোন্দকার, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফি, বনি আমিন তাকি, লাবাবুল বাশার, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব, যুগ্ম মুখ্য সংগঠক জাবেদ আরাফাতসহ অন্যান্য নেতারা।
সংগঠনটি জানায়, সুপ্রিম কোর্টের আজকের রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্জীবিত হলেও, পূর্বের যে অংশগুলো জুলাই সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ, কেবল সেগুলোই আসন্ন সংসদ নির্বাচনের পর গঠিত সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধানে সংযুক্ত হওয়া উচিত।

