১১ মে ২০২৬, সোমবার

ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ফের উত্তাল ইডেন মহিলা কলেজ

spot_img
spot_img

রাজধানীর ইডেন মহিলা কলেজ-এ আবারও উত্তেজনা ছড়িয়েছে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে। শনিবার গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এসময় ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগানে মুখর হয়ে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার পর থেকেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে জড়ো হতে থাকেন। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা কয়েকটি গেটের তালা ভাঙার চেষ্টা করেন এবং প্রধান ফটকের তালা ভেঙে বাইরে বের হন।

এসময় কলেজের বাইরে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি আগুন দেওয়ার চেষ্টার ঘটনাও ঘটে। ব্যানারটিতে সংরক্ষিত নারী আসনের কয়েকজন সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী তৈয়বা ত্বাহার নাম ছিল বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও বিক্ষোভকারীদের ব্যানার ছেঁড়া ও উত্তেজিত অবস্থায় স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতির প্রভাব শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে। তাই তারা ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানান। বিক্ষোভ চলাকালে কলেজের মূল ফটকে কালো রঙে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ লিখে দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী রাবেয়া সুলতানা জানান, সন্ধ্যার দিকে ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলা হয়। এর প্রতিবাদেই রাতে আন্দোলনে নামেন তারা।

তিনি বলেন, “আমরা ক্যাম্পাসে কোনো ধরনের আধিপত্যের রাজনীতি চাই না। আমরা নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ চাই।”

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর লালবাগ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিন আলী জানান, কয়েক ঘণ্টা বিক্ষোভের পর শিক্ষার্থীরা হলে ফিরে যান। রাত আনুমানিক ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া ও মতপ্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার। একই সঙ্গে তিনি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে ঘিরে ‘মব’ তৈরির অভিযোগও তোলেন।

সর্বশেষ নিউজ