জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা নাশকতার বেশ কিছু মামলায় অবশেষে জামিন পেয়েছেন এক সময়ের আলোচিত সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা। আজ সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতের পক্ষ থেকে ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়েছে। তবে জামিন পেলেও তাদের কারাগার থেকে মুক্তির পথ এখনই প্রশস্ত হচ্ছে না। আইনজীবীরা জানিয়েছেন, অন্য একটি করে মামলায় আদালত জামিন না দিয়ে রুল জারি করায় তাদের কারামুক্তিতে আইনি বাধা রয়ে গেছে।
আদালতে এই দম্পতির পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। গত বছরের ২১ আগস্ট বিদেশ যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়েছিল। জুলাই আন্দোলনের সময় বিভিন্ন সহিংস ঘটনার ইন্ধনদাতা ও সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়।

