ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। রোববার (১০ মে) তিনি উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণেই তিনি প্রক্টর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে আজ থেকেই পদত্যাগ কার্যকর করার অনুরোধও জানিয়েছেন।
তবে প্রক্টরের দায়িত্ব ছাড়লেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তার একাডেমিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
চিঠিতে তিনি গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারাকে তিনি সম্মানের বলে উল্লেখ করেন।
পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, “ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। আমি এখন কিছুটা বিশ্রামে থাকতে চাই, তাই এ সিদ্ধান্ত নিয়েছি।”
এদিকে তার পদত্যাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

