স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবেরুণী মীর শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন:
-
আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরাকে উদ্দেশ্য করে অপমানজনক ও মানসিকভাবে আঘাতমূলক পোস্ট করতেন।
-
বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে ইকরাকে মানসিকভাবে বিপর্যস্ত করার অভিযোগ রয়েছে।
-
মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রিমান্ড আবেদনের সময় বিবাদী পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৮ জুন আলভী আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

