মৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন মন্ত্রী আরিফুল হকের, সম্প্রীতি রক্ষার আহ্বান

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার প্রতিনিধি
spot_img
spot_img

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তিনি শহরের বিভিন্ন সার্বজনীন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যাতে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার ও তাদের দল সচেষ্ট রয়েছে।

তিনি দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার ওপরও গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

এ ছাড়া পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনিল কুমার দাশ, এমপি এম নাসের রহমানের রাজনৈতিক সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমানসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, বিএনপি নেতাকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় বিভিন্ন মণ্ডপের আয়োজকদের সঙ্গে কথা বলে পূজার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনার খোঁজখবরও নেন মন্ত্রী।

সর্বশেষ নিউজ