শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন জেলা যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজু। বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে শহরের রানীগঞ্জ বাজারের গ্লুকোজ ফ্যাক্টরি মোড়ে এ আয়োজন করা হয়।
জেলা যুবদলের সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শফিউল্লাহ আকন্দ রাজুর উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যাশা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শফিউল্লাহ আকন্দ রাজু বলেন, শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ। মানুষের পাশে দাঁড়ানো এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই তাঁদের লক্ষ্য। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার প্রত্যয় জানান তিনি।
প্রধান অতিথি শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন—এটাই প্রত্যাশা। তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।’
অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, শহর শ্রমিক দলের আহ্বায়ক হারুন অর রশিদ রতন, ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হুদা এবং যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বপনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

