হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ছয় মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৫টি সিলিং ফ্যানসহ লোহার পাইপ ও অ্যাঙ্গেল চুরির ঘটনায় মো. মান্না শেখকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মান্না শেখ পেশায় বেসরকারি অ্যাম্বুলেন্সচালক। তিনি বোয়ালমারী পৌর বিএনপির সহকোষাধ্যক্ষ ও প্রস্তাবিত উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. রিজাউল হক শেখের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত একটি অব্যবহৃত কক্ষের তালা ভেঙে মালামালগুলো চুরি করা হয়। পরদিন বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে।

সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে মালামাল নিয়ে বের হওয়ার সময় মান্নাকে শনাক্ত করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা হাসপাতালে আগেও চুরির অভিযোগ তুললেও অন্য ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ নিউজ