শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাংবাদিক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু। সোমবার বিকেল থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী নাগরিক, মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে বিএনপি নেতা আব্দুল বাছিত বাচ্চু বলেন, হাজীপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে পরিচিত। হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ এখানে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে বসবাস করে আসছেন।
তিনি অভিযোগ করে বলেন, একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের কোনো অপচেষ্টা যাতে হাজীপুর ইউনিয়নের সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের একাংশ তাঁর চেয়ারম্যান থাকাকালে তাদের বিভিন্ন অধিকার, সামাজিক মর্যাদা ও স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকার কথা স্মরণ করেন।
আব্দুল বাছিত বাচ্চু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ গঠনে সব ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘ধর্ম যার যার, হাজীপুর ইউনিয়ন আমাদের সবার। আগামী দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে হাজীপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।’
পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে ছিলেন।

